Home » ৭৩ বছরের খরা কাটিয়ে নয়া ইতিহাসের হাতছানি

৭৩ বছরের খরা কাটিয়ে নয়া ইতিহাসের হাতছানি

সময় কলকাতা ডেস্ক: থমাস কাপে ৭৩ বছরের খরা কাটল। যা পারেননি পিভি সিন্ধু, সাইনারা। তাই করে দেখালেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, এইচ এস প্রণয়রা। ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের একেবারে শেষ বেলায় এসে মালয়েশিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ভারত। ২-২ অবস্থায় থাকা ম্যাচের শেষ টাইয়ে ৩৯ মিনিটের লড়াইয়ে এইচএস প্রণয় ২১-১৩, ২১-৮ পয়েন্টে হারিয়ে দেন লিয়ং জুন হাওকে। আর তাতেই নিশ্চিত হয় ভারতের একটি পদক।

১৯৭৯ সালের পরে প্রথমবার থমাস কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ২০১৪ এবং ১৬ সালে উবের কাপে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক পেলেও থমাস কাপে ভারত এখনও পর্যন্ত কোনও পদক পায়নি। আর তাই ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে স্বপ্ন দেখা।

যদিও এদিন ভারতের ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতা লক্ষ্য সেন প্রথম ম্যাচেই হেরে যান। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করে দলকে জিতিয়ে দেয় শ্রীকান্ত, প্রণয়রা। সকলে তাকিয়ে ফাইনাল ম্যাচের দিকে। ফাইনালে জিততে পারলে ভারতীয় ব্যাডমিন্টনে রচিত হবে নয়া ইতিহাস।

About Post Author