Home » দিল্লির অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মোদী-মমতার!

দিল্লির অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মোদী-মমতার!

সময় কলকাতা ডেস্কঃ দিল্লিতে এক বহুতলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৪০ জন হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে ফরেনসিক দল। এখনও বহুতলে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান।

মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। প্রত্যেক মৃতের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সকাল এগারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধি ও আরও অনেকে ।

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লাগে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। বহুতল থেকে প্রথমে কয়েকজন বেরিয়ে আসতে পারলেও, অনেকেই ভিতরে আটকা পড়ে যান। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। প্রাণ বাঁচাতে অনেকে বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন। কেউ আবার দড়ি বেয়ে নীচে নেমে আসে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে আগুনের তীব্রতা দেখে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়েছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ।তবে এদিন ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। বহুতল ওই বিল্ডিংয়ের একতলায় একটি সিসিটিভি ও রাউটার তৈরির সংস্থার অফিস ছিল। সেখান থেকেই শট সার্কিট হয়ে আগুন লেগেছে বলেই দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

About Post Author