Home » চাকরি গেল অঙ্কিতার, ফেরত দিতে হবে সমস্ত বেতন

চাকরি গেল অঙ্কিতার, ফেরত দিতে হবে সমস্ত বেতন

সময় কলকাতা ডেস্ক: চাকরি থেকে বরখাস্ত করা হল মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। পাশাপাশি বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা তাঁকে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। দুই কিস্তিতে সমস্ত টাকা ফেরত দিতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। প্রথম কিস্তি ৭ জুন। দ্বিতীয় কিস্তি ৭ জুলাই। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। আদালতের নির্দেশ, কোচবিহারের ওই স্কুলে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা।

উল্লেখ্য, বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল অঙ্কিতার বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন ববিতা বর্মণ নামে এক এসএসসি পরীক্ষার্থী। সেই অভিযোগের ভিত্তিতেই এই রায় দেয় কলকাতা হাইকোর্ট।

টানা ৩ দিন নাটকীয়ভাবে লুকোচুরি খেলার পর অবশেষে বৃহস্পতিবার দেখা মেলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। হাইকোর্টের নির্দেশে সন্ধ্যাবেলায় সাড়ে ছটা নাগাদ তিনি হাজিরা দেন সিবিআই দফতরে। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় মেয়েকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছে পরেশ অধিকারীর।  বারবার আদালতের নির্দেশে সিবিআই হাজিরা এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবারই শিক্ষা প্রতিমন্ত্রী এবং তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। তবে, সন্ধ্যায় পরেশ অধিকারী সিবিআই দফতরে পৌঁছলেও গরহাজির ছিলেন তাঁর মেয়ে অঙ্কিতা। জানা গিয়েছে, বৃহস্পতিবারের টানা ৩ ঘন্টায় জেরায় সন্তুষ্ট নয় সিবিআই। যার ফলে শুক্রবার ফের সিবিআই দফতরে যান তিনি।

About Post Author