Home » মালদায় দুর্নীতি ঠেকাতে তৎপর তৃণমূল বিধায়ক! 

মালদায় দুর্নীতি ঠেকাতে তৎপর তৃণমূল বিধায়ক! 

সময় কলকাতা ডেস্কঃ রাস্তা নির্মাণের কাজের মান নিয়ে অভিযোগ উঠলেই সেই কাজ বন্ধ করে দেওয়া হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিকাদারদের উদ্দেশ্যে এমনটাই হুঁশিয়ারি ছুড়লেন চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

শনিবার বিকেলে মালদহের চাঁচল বিধানসভার ১২ টি পঞ্চায়েত এলাকায় প্রায় তিন কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দে ১৩ টি প্রকল্পের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যার মধ্যে বেশিরভাগই রয়েছে পাকা ও ঢালাই রাস্তা নির্মাণের কাজ। এছাড়াও রয়েছে ড্রেন নির্মাণ ও গার্ডওয়াল নির্মাণের কাজ। আর এই শিলান্যাস অনুষ্ঠান থেকে একশ্রেণীর অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল বিধায়ক। অভিযোগ, রাস্তার কাজ করতে ওই ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে । সে কারণ চাঁচলের একাধিক এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের এমন হুঁশিয়ারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়ক অসাধু ঠিকাদারদের হুঁশিয়ারি দেওয়া মাত্রই ‘ভূতের মুখে রাম নাম’ বলে কটাক্ষ করে বিজেপি।

এ প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ৩ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে মানুষের উন্নয়নের স্বার্থেই প্রকল্পের কাজগুলি করা হবে। লাল বালি দিয়ে কাজ করতে হবে। কিন্তু এই কাজে যদি কোনরকম দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয় তাহলে সেই ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু ঠিকাদারই নয়, দলের কোনো কর্মী বা নেতা যদি এই দুর্নীতিতে মদত দেয় তাহলে তাকেও ছেড়ে কথা বলা হবে না। পাশাপাশি আমি নিজে প্রতিটি এলাকার কাজ পরিদর্শনে যাব। কোনরকম দুর্নীতি বরদাস্ত করা যাবে না।’

এ বিষয়ে চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা কটাক্ষের সুর চড়িয়ে বলেন, ‘ভূতের মুখে রাম নাম। দলের কর্মীরাই তো ঠিকাদারদের হয়ে দুর্নীতি করছে। মানুষের কাছে সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন।‘

About Post Author