তৌসিফ আহমেদ, বাঁকুড়া, সময় কলকাতাঃ জঙ্গলমহল রাজ্য চাই। কেন্দ্রের কাছে দাবি জানাব। এ বক্তব্য রেখেই জঙ্গলমহলকে আলাদা রাজ্য তৈরির দাবি জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন অর্জুন সিং। তার রেশ কাটতে না কাটতেই এবার জঙ্গলমহল আলাদা রাজ্যের দাবিতে সরব হলেন সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, রাঢ়বঙ্গ বঞ্চিত হচ্ছে। রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন। মানুষকে পরিষেবা দিতে এবার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে পৃথক রাজ্য চাই। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাংলা ভাগের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গল সংলগ্ন এলাকা নিয়ে জঙ্গলমহল। সরকার আসে, সরকার যায়। শাসকদের মতে, বাম আমলের তুলনায় তৃণমূলের জামানায় জঙ্গলমহলের মানুষদের জীবনযাত্রা উন্নত হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। তবে, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের মানুষের চোখে-মুখে প্রকাশ পায় অন্য কথা। তাদের চাকরি নেই। এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে। কিন্তু, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আসানসোলের স্থানীয় মানুষরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে, মানুষের স্বার্থেই জঙ্গলমহলকে আলাদা রাজ্য করা প্রয়োজন। রাজ্যে ২৩ টি জেলা ভেঙে যদি ৪৬ টি জেলা করার পরিকল্পনা করা হয়, তাহলে আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না কেন ? প্রশ্ন ছুঁড়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
উল্লেখ্য, রাজ্য ভেঙে পৃথক রাজ্যের দাবি এই প্রথম নয়। এর আগেও রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য তৈরির দাবি জানিয়েছিলেন সৌমিত্র খাঁ। বহুবার উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছেন উত্তরবঙ্গেরই জনাকয়েক নেতা। একের পর রাজনৈতিক সমীকরণে বদল, উত্তপ্ত পরিস্থিতির অজুহাতে পৃথক রাজ্যের দাবিতে সরব হতে দেখা গিয়েছে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা সহ অনেককেই। সময় সময়ে তাতে ঘৃতাহুতি দিয়েছেন অন্যান্য নেতা-নেতৃত্বরাও। যদিও, বিজেপির অনেক শীর্ষস্থানীয় নেতৃত্বই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। এসবের মাঝেই এবার জঙ্গলমহলকে পৃথক রাজ্য তৈরির দাবি জানালেন সৌমিত্র খাঁ। যদিও, বিষ্ণুপুরের সাংসদের এই দাবিকে সংবাদের শিরোনামে আসার চেষ্টা বলেই গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
বাঁকুড়া র রিপোর্ট, সময় কলকাতা
ফের আলাদা রাজ্যের দাবিতে সরব সৌমিত্র খাঁ


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?