সময় কলকাতা ডেস্ক: ভিনরাজ্যে ঘুরতে গিয়ে একের পর এক বাংলার পর্যটকের মৃত্যু। ওড়িশার পর এবার উত্তর কাশী। ট্রেকিং করতে গিয়ে উত্তর কাশীতে দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ্যে ৩ জনের বাড়ি কলকাতার গড়িয়ায়, বাকি দুজনের বাড়ি নৈহাটিতে। জানা গিয়েছে, সোমবার উত্তর কাশীতে পৌঁছন তাঁরা। গাড়ি নিয়ে ট্রেকিংয়ের জন্য উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেন ৫ পর্যটক। সেই গাড়িতে ছিলেন ব্যারাকপুরের শ্যামা শ্রীপল্লির বাসিন্দা দেবমাল্য দেবনাথও। গাড়ির মধ্যে ছিল একটি সিলিন্ডার। রাস্তায় আচমকাই সেই সিলিন্ডারটি ফেটে যায়। আগুন লেগে যায় গাড়িটিতে। জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ির ভিতরে থাকা ৫ জনেরই মৃত্যু হয়। দেবমাল্যবাবুর মৃত্যুর খবর আসার পরেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়েই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস।

এদিকে, মঙ্গলবার ওড়িশার গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার ৬ জন মানুষ। তাঁদের মধ্যে ৫ জন হাওড়ার উদয়নারায়নপুরের সুলতানপুরের বাসিন্দা এবং ১ জন হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সেই মৃতদেহগুলিই পৌঁছয় উদয়নারায়নপুরে। একে একে শেষকৃত্য সম্পূর্ণ হয় প্রত্যেকেরই। শোকোস্তব্ধ গোটা গ্রাম। উল্লেখ্য, সোমবার হাওড়ার উদয়নারায়ণপুর থেকে ৫৫ জন পর্যটককে নিয়ে একটি বাস রওনা হয় উড়িষ্যার ফুলবণি জেলার দারিংবাড়িতে। মঙ্গলবার দারিংবাড়ি ঘুরে পর্যটকরা রওনা হয় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। রাত সাড়ে বারোটা নাগাদ উড়িষ্যার গঞ্জাম জেলার কলিঙ্গ ঘাটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। ঘটনাস্থলেই প্রাণ হারায় ৬ জন। দুঃসংবাদ পাওয়ার পর থেকেই সুলতানপুরের একাধিক বাড়ি থেকে শুধু ভেসে আসছে স্বজন হারানোর আর্তনাদ। মৃতদের পরিবারের আত্মীয়-স্বজনরা আকস্মিক এই ঘটনায় কার্যত হতবাক।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!