সময় কলকাতা ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসবে এবার বাঙালির জয়জয়কার। ২০২২-এ কানে ‘গোল্ডেন আই’ পুরস্কার পেল প্রবাসী বাঙালি পরিচালক সৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’। একমাত্র ভারতীয় ছবি হিসেবে ‘গোল্ডেন আই’ পুরস্কারে ভূষিত হয়েছে সৌনক সেনের এই তথ্যচিত্র । কানের স্পেশাল স্ক্রিনিং সেগমেন্টেও এই বিশেষ তথ্যচিত্রটি দেখানো হয়েছিল।
কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে ‘অল দ্যাট ব্রিদস’-এর প্রিমিয়ার হয়েছিল। সেখানেই এই ৯০ মিনিটের তথ্যচিত্রটি বিচারকদের মন জয় করে নেয়। এমনকি এই তথ্যচিত্রটি জিতে নেন ‘গোল্ডেন আই’ অ্যাওয়ার্ড। আর্থিক মূল্যে এই পুরস্কারের সঙ্গে সৌনক পেয়েছেন ৫,০০০ ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪. ১৬ লক্ষ টাকা। উল্লেখ্য, ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার অপর নাম ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’।
সৌনকের এই তথ্যচিত্রকেই সেরা হিসাবে বেছে নেওয়ার কারণ কী, সেই বিষয়ে ‘গোল্ডেন আই’-এর ওয়েবসাইটে এক বিচারক লিখেছেন, ‘এই পুরস্কার এমন এক ছবিকে দেওয়া হয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় যে এই ধ্বংসাত্মক দুনিয়ায় প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ।

কান চলচ্চিত্র উৎসবে এর আগেও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সৌনকের ছবি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘অল দ্যাট ব্রিদস’ তাঁর দ্বিতীয় তথ্যচিত্র। এর আগে ‘সিটিস অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌনক।
দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকেন দুই ভাইবোন। তাঁদের জীবন ঘিরেই এগিয়েছে এই ছবির কাহিনি। তবে দুই ভাই-বোনেরই অদ্ভুত নেশা রয়েছে। তাঁরা আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে সেবা-শুশ্রূষা করেন।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?