সময় কলকাতা ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, সকল শক্তির আধার মাতৃশক্তি। কন্যাশ্রীরাই আগামীদিনের মাতৃশক্তি। তাই মাতৃশক্তির মঙ্গলকামনায় রবিবার অরণ্য ষষ্ঠী উপলক্ষে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী –এর মধ্যে দিয়ে রাজ্যে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে।
আগামী দিনে কন্যাশ্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে সেই উপলক্ষে রবিবার বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করা হয়। এদিন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী কন্যাশ্রীদের হাতে ষষ্ঠী পুজোর সুতো বেঁধে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন। পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্য মহিলা তৃণমূল নেত্রীরাও।

জামাইষষ্ঠীর মতো মেয়েদের জন্য এই ধরনের কোনও দিন নেই। এমনকী, মেয়েদের জন্য এই দিনে তেমন কিছু করাও হয় না। তাই এবার কন্যাশ্রী মেয়েদের মঙ্গল কামনায় অভিনব উদ্যোগ নিলেন তারা। জামাইষষ্ঠীতে যেভাবে শাশুড়িরা জামাইদের আপ্যায়ন করে থাকেন, ঠিক সেই ভাবেই আপ্যায়ন করা হল কন্যাশ্রীর মেয়েদের। তাদের সামনে রাখা ছিল ফল ও মিষ্টি। এরপর পাখার হাওয়া দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এভাবেই তাদের মঙ্গলকামনা করা হয়।

এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “আজকের দিনে মায়েরা ছেলেদের জন্য মঙ্গল কামনা করেন। আর সেই দিনটিকে সামনে রেখেই আজ আমরা কন্যাশ্রী ষষ্ঠী করছি। গত ১১ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। উন্নয়নের বিষয়ে তাঁর অন্যতম পরিকল্পনাই ছিল কন্যাশ্রী। যা বাংলাকে গোটা পৃথিবীর কাছে সমাদৃত করেছে। তিনি চিন্তা করেছিলেন মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। মেয়েদের প্রগতির কথা মাথায় রেখেই উনি কন্যাশ্রী বাস্তবায়িত করেছেন। তাঁর সেই ভাবনাকে সম্মান জানিয়েই আমরা একটু অন্যরকম চিন্তা করে ছাত্রীদের মঙ্গল কামনায় কন্যাশ্রী ষষ্ঠী পালন করলাম।‘ তবে জামাইষষ্ঠীর দিন এহেন আপ্যায়ন পেয়ে বেজায় খুশি ছাত্রীরাও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী