Home » এবার নোরো ভাইরাসের হানা ভারতে

এবার নোরো ভাইরাসের হানা ভারতে

সময় কলকাতা ডেস্কঃ করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই এবার নোরো ভাইরাসের হানা ভারতে। কেরলের এক প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীর শরীরে মিলেছে এই ভাইরাসের খোঁজ। যার জেরে উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে।

সারা দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ শুরু হয়েছে। তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নোরো ভাইরাস। কেরলের তিরুবনন্তপুরমে দুই শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের খোঁজ। তবে আক্রান্ত দুই ছাত্রীর অবস্থাই স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরাই।

স্কুলের মিড মিল থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের অন্যান্য শিশুদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, স্কুলের মিড মিল খাওয়ার পরেই আট জন ছাত্রীর অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়। এরপর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় সরকারি ল্যাবে। সেখানেই দুই ছাত্রীর নমুনায় নোরোভাইরাসের হদিশ মিলেছে।

উল্লেখ্য,নোরো ভাইরাস ডাইরিয়ার জন্য দায়ী রোটা ভাইরাসের মতো। দূষিত জল এবং খাবার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের সংক্রমণ ঘটলে বমি, ডায়রিয়া, মাথা ও শরীরের বিভিন্ন  অংশে ব্যথা হয়। এমনকী শরীরে ডিহাইড্রেশনও হতে পারে। এই সংক্রমণ ঠেকাতে দূষিত খাবার এড়িয়ে চলুন এবং পরিশ্রুত জল পান করুন। এছাড়াও খাওয়ার আগে ও পরে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

About Post Author