Home » বিনামূল্যের কোচিং সেন্টার দখল করে তৃণমূল কার্যালয় !

বিনামূল্যের কোচিং সেন্টার দখল করে তৃণমূল কার্যালয় !

সময় কলকাতা ডেস্কঃ কোচিং সেন্টার দখল করে তৃণমূল কার্যালয় তৈরির অভিযোগে উত্তপ্ত আগরপাড়ার উষুমপুর এলাকা। ঘটনাস্থলে যায় ঘোলা থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস লোধ ও তার সমর্থকদের দিকে। যদিও কোচিং সেন্টারকে দলীয় অফিস বানানোর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূলের নেতৃত্বের একাংশ। অবশেষে পুলিশের সহায়তায় তালা ভেঙে খুলে দেওয়া হয় কোচিং সেন্টার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া উষুমপুর বটতলায় ডক্টর সম্মথ ঘোষ গরিব মানুষদের চিকিৎসার জন্য একটি ঘর বানিয়েছিলেন। তার মৃত্যুর পর থেকে সেই ঘরে তারই সহকর্মী বন্ধু শম্ভু ঘোষ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াতেন। অভিযোগ, সোমবার পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দেবাশিস লোধ দলবল নিয়ে গিয়ে সেই কোচিং সেন্টার ঘর দখল করার জন্য কোচিং সেন্টারের ভেতর থেকে সবাইকে বার করে দিয়ে ঘরের উপরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঝুলিয়ে দিয়ে গেটে তালা দিয়ে দেয়। এরপর স্থানীয় এক বৃদ্ধ ব্যবসায়ী দখলদারি তে বাধা দিতে এলে তাকেও মারধোর করে কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী দেব রায় ঘটনাস্থলে পৌঁছে ঘোলা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছন। তারপরই পুলিশের সহায়তায় কাউন্সিলর শ্যামলী দেব রায় গেটের তালা খুলে তৃণমূলের দলীয় পতাকা খুলে দিয়ে সেই ঘর দখলমুক্ত করে এবং পুনরায় কোচিং সেন্টারে ফিরিয়ে দেয়।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী দেব রায় জানান।‘ কোনরকম অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হবে না তার ওয়ার্ডে।‘ অন্যদিকে এই ঘটনা সম্পূর্ণ স্বীকার করে নিয়েছেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব। পাশাপাশি এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ দেবাশিস লোধ পলাতক। তার খোঁজেই তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ।

About Post Author