সময় কলকাতা ডেস্কঃ টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভে পুলিশি বাধা,সাতসকালে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়। বুধবার এসএসসি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে যাওয়ার পথেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের কর্মসূচি অনুযায়ী, সাঁতরাগাছি স্টেশন চত্বরে জমায়েত করেন তাঁরা। অপরদিকে চাকরিপ্রার্থীর অন্য একটি দল নবান্নের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হন। সেখানেও আটক হন বেশ কয়েকজন। তাঁদের দাবি, রাজ্যে এস এস সি নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত চাকরি প্রার্থীদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে।
যদিও বিক্ষোভকারীরা এই নবান্ন অভিযানের কথা প্রশাসনকে আগাম জানিয়ে দেওয়ায় এদিন সকাল থেকেই গোটা হাওড়া এলাকায় এবং নবান্নের আশেপাশের সব জায়গায় কড়া নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কিছু সংখ্যক সদ্য চাকরিপ্রার্থীরা সাঁতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নেমে নবান্নের উদ্দেশে রওনা দিলে জগাছা থানার পুলিশ তাদের পথ আটকায়। যার জেরে আটক হন প্রায় ১২ জন আন্দোলনকারী। পাশাপাশি বেশ কিছু সদ্য চাকরিপ্রার্থীরা নবান্নে এসে পৌঁছলে সেখানেও পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর বেশ কিছুক্ষণ পুলিশ প্রশাসনের সঙ্গে কথা কাটাকাটি হলে তাদেরকেও জগাছা থানার পুলিশ আটক করে তুলে নিয়ে যায়।
তবে চাকরির জন্য রাস্তায় নেমে বিক্ষোভ বাংলায় এই প্রথম নয়। এর আগেও চাকরি প্রার্থীরা কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে,আবার কখনো রাস্তায় শুয়ে একাধিক বার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু, প্রশ্ন উঠছে সকাল থেকে গোটা হাওড়া সহ নবান্নের আশেপাশে প্রশাসনের কড়া নিরাপত্তায় থাকার পরেও কিভাবে চাকরিপ্রার্থীরা একেবারে নবান্নর পাশে এসে পৌঁছে যান? অন্যদিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা দীর্ঘদিন আগে টেট পরীক্ষায় পাস করার পরও এখনো চাকরি পাননি। এমনকী একাধিকবার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা প্রতিশ্রুতি হিসেবেই থেকে গিয়েছে। তারা জানান,‘এ বিষয়ে বেশ কয়েকবার রাজ্য সরকারকে লিখিতভাবে আবেদন জানালেও কোনোরকম সুরাহা মেলেনি। কার্যত সেই কারণেই এদিন নবান্ন অভিযান কর্মসূচির পথ বেছে নেয় তারা। যতদিন চাকরি না দেওয়া হবে ততদিন পর্যন্ত এমন আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি জারি করেন আন্দোলনকারীরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান