সময় কলকাতা ডেস্কঃ রক্ত সঙ্কটে ভোগা এক রোগীকে রক্ত দিয়ে বাঁচালেন কোচবিহারের তুফানগঞ্জের শাহজাহান আলি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দের বাণীটিকে সবাই মনে রাখলেও তা মেনে চলে কজন! তবে, এত ব্যস্ততার মাঝেই যেন স্বামীজির বাণীকে মেনে চলার বার্তা দিলেন কোচবিহারের শাহজাহান আলি। ডায়ালিসিস প্রয়োজন এমন এক রোগী যখন রক্ত সঙ্কটে ভুগছিলেন, ঠিক সে সময়ই ভগবানের মতো আবির্ভূত হন শাহজাহান আলি। তাঁর সাহায্যে যেন প্রাণ ফিরে পেলেন ছন্দা ভট্টাচার্য। শুধু সাহায্যই নয়, তিনি ধর্মীয় সম্প্রীতিরও বার্তা দিলেন তাঁর কাজের মাধ্যমে।

কোচবিহারে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকার বাসিন্দা ছন্দা ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। কোচবিহার জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস চলছে ছন্দাদেবীর। শুক্রবার বিকেলে রক্তের অভাবে ডায়ালিসিস বন্ধ হয়ে যেতে বসেছিল তাঁর। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন এ পজেটিভ রক্তের গ্রুপের। খবর পাওয়া মাত্রই নৌকা দিয়ে রায়ঢাক নদী পার করে, প্রায় ৫৫ কিলোমিটার দূর থেকে রক্ত দিতে, কোচবিহার সরকারি ব্লাড ব্যাংকে পৌঁছন শাহজাহান আলি। শাহজাহান আলির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছন্দাদেবীর পরিবার।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম