Home » মেসির চেয়ে কি ক্ষিপ্র সুনীল ছেত্রী?

মেসির চেয়ে কি ক্ষিপ্র সুনীল ছেত্রী?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ৩৮ বছর বয়সেও সুনীল ছেত্রী এগোচ্ছেন।প্রতিপক্ষের ডিফেন্সের বেড়াজাল ভেঙে অবিশ্বাস্য দ্রুতগতিতে এগোচ্ছেন।এ এফ সি এশিয়ান কাপে তিনদিন আগেই কম্বোডিয়ার বিরুদ্ধে জোড়া গোলের পরে শনিবার তিনি আবার গোল করলেন  আফগানিস্তানের বিরুদ্ধে। ২-১ গোলে জয়ের ম্যাচে দেশের হয়ে যথারীতি থাকল  গোল। ফলশ্রুতি, ৮৩ গোল হয়ে গেল তাঁর যা কিনা সর্বকালের সর্বোচ্চদের তালিকায় ষষ্ঠ ।মেসি কোনও গোল করার আগে আর চারটি গোল করে ফেললেই মেসিকে আন্তর্জাতিক ক্ষেত্রে গোলদাতা হিসেবে ছাড়িয়ে যাবেন। তখন সামনে থাকবেন  আর তিনজন। ১১৭ গোল করে শীর্ষে আছেন রোনাল্ডো। তাঁর পাঁচ ধাপ পেছনে আর মেসির থেকে মাত্র দু ধাপ পেছনে আছেন ভারতীয় ফুটবল অধিনায়ক ও ক্ষুরধার স্ট্রাইকার সুনীল ছেত্রী।

 

উল্লেখ্য,আর একটি গোল করলেই হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার পুসকাসকে ছুঁয়ে ফেলবেন সুনীল। মাথায় রাখা দরকার পুসকাস মাত্র ৮৯ টি ম্যাচ খেলে ৮৪ টি গোল করেছিলেন। ১২৮ টি ম্যাচ খেলা সুনীল ৮৩ গোল করেছেন।আর মেসি ৮৬ গোল করতে ১৬২ টি ম্যাচ খেলেছেন। অর্থাৎ ম্যাচ পিছু গোল সংখ্যায় এগিয়ে আছেন পুসকাস। আবার সুনীল ও মেসির মধ্যে তুলনা করলে  দেখা যাবে সুনীলের স্ট্রাইক রেট মেসির চেয়ে অনেক ভালো। তাহ’লে কি মেসির চেয়ে সুনীল ছেত্রী বেশি ক্ষিপ্র?

উত্তর খুঁজতে গেলে বোঝা দরকার কোন পরিস্থিতিতে কে গোল করেছেন? একটি বিষয়ে সন্দেহ নেই যে মেসির দেশ আর্জেন্টিনার বেশির ভাগ সময়ে প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ সমূহ। ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, মেক্সিকো, চিলি বা পেরুর মত শক্তিশালী দেশ যেকোনো অবস্থায় নেপাল,বাংলাদেশ, আফগানিস্তানের মত ভারতের প্রতিবেশী দেশগুলির চেয়ে ধারে ভারে অনেকটাই এগিয়ে।এমনকি চিন, উত্তর কোরিয়া সহ অধিকাংশ এশিয়ান দেশের ফুটবলের মান লাতিন আমেরিকার দেশগুলির চেয়ে বেশ কিছুটা নিচে । ফিফা ৱ্যাঙ্কিংও তার প্রমান।

ধারে ভারে যেমন আর্জেন্টিনার প্রতিপক্ষরা এগিয়ে তেমনি আর্জেন্টিনাও  অনেক বেশি শক্তিশালী। মেসির সতীর্থরাও ও সুনীলের সতীর্থদের অনেক বেশি কার্যকরী। ফাইনাল পাস পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে মেসি ভাগ্যবান কারণ অনেক ক্ষেত্রে সুনীল ছেত্রীকে নিজের চেষ্টায় ভারতীয় দলকে টেনে নিয়ে যেতে হয়।নিজের পরিমন্ডলে স্ট্রাইকিং জোনে সুনীলের পেনিট্রেটিং এবিলিটি নিয়েও প্রশ্ন নেই। তবে ম্যাচ পিছু গোলের সংখ্যায় সুনীল যতই এগিয়ে থাকুন, ফুটবল মাঠে মেসির শিল্পসুষমা অসামান্য। মেসির ফুটবল দৃষ্টিনন্দন, মেসি বিশ্বের সর্বকালের সেরাদের অন্যতম। যেকোনো ফুটবল বিশ্লেষক তাই বলবেন,কেবলমাত্র ম্যাচ পিছু গোল দিয়ে  সুনীলকে মেসির সঙ্গে এক আসনে আনা যায় না, তাঁদের মধ্যে তুলনামূলক বিচার করাও বাতুলতা ও বৃথা।

About Post Author