সময় কলকাতা ডেস্কঃ বাংলাকে চালাতে পারেনা, দেশ চালানোর স্বপ্ন দেখছেন। দিলীপ রয়েছেন দিলীপেই। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার পশ্চিম মেদিনীপুরের সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয়ে সরব হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কটাক্ষের সুরে তাঁর আক্রমণ, বাংলায় সবকিছু নিয়েই আন্দোলন হয়। আন্দোলন করুন কেন দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেন না। এদিন টেট নিয়োগে দুর্নীতি নিয়েও সরব হন মেদিনীপুরের সাংসদ। তবে, সিবিআইয়ের প্রতি হাইকোর্টের আস্থা হারানোর বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ দিলীপ ঘোষ।
এদিন, দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, রাজ্যপালও, এখন তিনি রাষ্ট্রপতিও হতে চাইছেন। প্রধানমন্ত্রী ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আবার ইলেকশন কমিশনের চেয়ারম্যানও হতে চাইছেন। নিজে বাংলাকে চালাতে পারেনা, পাঁচ দিন ধরে জেলায় জেলায় আগুন জ্বলছে। আর এখান থেকে শান্তি পাওয়ার জন্য উনি দিল্লি চলে গেছেন। যারা বাংলা সামলাতে পারেনা তারা বাংলার বাইরে গিয়ে দেশ সামাল দেওয়ার কথা বলছে।”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন-“গাঁয়ে মানেনা আপনি মোড়ল। তিনি গেলে লোকেরা পালিয়ে যায় দেখা পর্যন্ত করে না। শরদ পাওয়ারকে দিয়ে হয়তো নিজের নামটা রাষ্ট্রপতি হিসেবে বলাতে চেয়েছিলেন। শরদ পাওয়ার নিজেও রাজি হননি, উনার নামটা বলেন নি। বারবার বিভিন্ন রাজ্যে পার্টি শুরু করতে গিয়ে লোক ঝামা ঘষে দিচ্ছে তাও শিক্ষা হচ্ছে না।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি