সময় কলকাতা ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্ট তদন্তে গতি আনতে সিবিআইয়ের সিট গঠন করার নির্দেশ দিল। আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন , মামলার ক্ষেত্রে পেশ করতে হবে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট।অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হতাশা প্রকাশের পরেই তদন্তে গতি আনছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা।
বুধবার প্রাথমিক শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের সিট গঠন করা হবে। এই টিমে থাকা সদস্যরা শিক্ষক নিয়োগ মামলা ছাড়া অন্য কোনও মামলার সঙ্গে যুক্ত হবেন না। এমনকি এসআইটির সদস্যদের কোনও ভাবেই বদলি করা চলবে না।বলা হয়েছে কলকাতা শাখার একজন যুগ্ম অধিকর্তা এই সিটের দায়িত্বে থাকবেন। তদন্ত শেষ না হওয়া অবধি বদলি করা যাবে না। এই সিটে কারা থাকবেন তা আগামী সপ্তাহের মধ্যে সিবিআইয়ের আইনজীবীকে আদালতের কাছে পেশ করতে হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আগে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে হতাশা প্রকাশ করেন। বিচারপতি আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এক সপ্তাহে যে কাজ করেছে, তা স্কুল আর্ভিস কমিশনের ক্ষেত্রে কোনও অগ্রগতি হচ্ছে না।বিচারপতি বলেন, তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের রিপোর্ট দেখেছেন। এতে একেবারে স্পষ্ট, যে বেছে বেছে নিয়োগ হয়েছে। নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট থেকে পরিষ্কার হয়েছে বলেই তিনি জানিয়েছেন।সবমিলিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ হাইকোর্ট। কোনও রকম গড়িমসি বরদাস্ত করা হবে না এমন বার্তা দিয়েছে হাইকোর্ট। ফলে তদন্তে নতুন গতি সঞ্চার হওয়ার আশু সম্ভাবনা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর