Home » ভ্যাকসিন দেওয়ার পরই কি শিশুর মৃত্যু! চাঞ্চল্য

ভ্যাকসিন দেওয়ার পরই কি শিশুর মৃত্যু! চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্কঃ ভ্যাকসিন দেওয়ার পর শিশু মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনা ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকার। শোকের ছায়া পরিবারে।

জানা গিয়েছে, মাস চারেক আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় প্রসেনজিৎ রায় ও শ্রাবণী রায়ের পরিবারে। ভালোবেসে ছেলের নাম রাখেন ধ্রুব।পরিবারের স্নেহ, ভালবাসায় ধীরে ধীরে বড় হয়ে উঠছিল ছোট্ট ধ্রুব। বৃহষ্পতিবার, সাড়ে তিন মাসের ভ্যাকসিন দিতে ধ্রুবকে পাশ্ববর্তী মহামায়া সাব সেন্টারে নিয়ে যায় শ্রাবণী। তারপর এদিন সন্ধ্যায় জ্বর আসে ধ্রুবর। সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসে, তাই কোনরকম চিন্তা না করেই ঘুমাতে চলে যান ধ্রুবর বাবা-মা। কিন্তু ভোর চারটে নাগাদ দেখা যায় ধ্রুবর নাক থেকে কিছু একটা বের হচ্ছে। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধ্রুবর পরিবারের দাবি, ভ্যাকসিনের কারণেই মৃত্যু হয়েছে ধ্রুবর। মাত্র তিন মাস উনিশ দিনের ছোট্ট ধ্রুবর মৃত্যু মেনে নিতে পারছে না ওই শিশুর পরিবার। এই বিষয়ে ধুপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষ জানিয়েছেন, ‘ওই সাব সেন্টার থেকে বৃহষ্পতিবার 15 জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, প্রত্যেকেই সুস্থ রয়েছে।’ কাজেই ভ্যাকসিনের প্রতিক্রিয়া থেকে এই ঘটনা ঘটেনি বলেই মনে করছেন তিনি। ভ্যাকসিনের কারণে মৃত্যু নাকি অন্য কোন কারণ তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

About Post Author