সময় কলকাতা ডেস্কঃ এটিএম জালিয়াতির শিকার! এবার ৬৮ হাজার টাকা খোয়া গেল এক প্রৌঢ়ের। শুধু এটিএম থেকে নগদ টাকা তোলাই নয়, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকার সোনার গহনাও কিনেছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার ক্যানিং বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতারিত প্রৌঢ় অনুপ শিকদার, ক্যানিং বাজারের স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে শুক্রবার টাকা তুলতে যান। কিন্তু মেশিনে কিছু সমস্যা থাকায় তিনি টাকা তুলতে পারছিলেন না। সেই সময় অজ্ঞাত পরিচয় এক যুবক এসে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই সুযোগেই অনুপবাবুর এটিএম কার্ডটা পাল্টে নেন অভিযুক্ত। বিষয়টি প্রথমে টের পাননি তিনি। কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন, তাঁর ব্যাঙ্কের তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা তোলা হয়েছে। এরপর জয়নগর এলাকার একটি গয়নার দোকান থেকে প্রায় ৪৮ হাজার টাকার সোনার গয়নাও কেনা হয় তাঁর এটিএম কার্ড ব্যবহার করে। এই পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙে পড়ে অনুপবাবুর। তারপরই ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটিএম কার্ডটির পরিষেবা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

ইতিমধ্যেই ঘটনার কথা জানিয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অনুপবাবু। তার অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছেন ক্যানিং থানার পুলিশ। অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গিয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান