Home » শুট আউট! অল্পের জন্য প্রাণে বাঁচলেন দমকলকর্মী

শুট আউট! অল্পের জন্য প্রাণে বাঁচলেন দমকলকর্মী

সময় কলকাতা ডেস্কঃ সাতসকালেই শুট আউট দমদমে। দমকল কেন্দ্রের মধ্যে ঢুকেই এক দমকল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই দমকলকর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রতিদিনের মতই মঙ্গলবার সকালেও কাজে গিয়েছিলেন স্নেহাশিস রায় নামে ওই দমকলকর্মী। এরপরই ওই দমকল কর্মীকে বাইরে ডাকেন অভিযুক্ত যুবক। স্নেহাশিসবাবু বাইরে যেতেই ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালায় অভিযুক্ত। কিন্তু ঘটনাচক্রে লক্ষ্যভ্রষ্ট্র হয় গুলি। বরাতজোরে প্রাণে বেঁচে যান ওই দমকল কর্মী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। যদিও অভিযুক্ত অধরা বলেই জানা গিয়েছে।

ওই দমকল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে দমদম থানার পুলিশ জানান, গত কয়েকদিন আগেই এক যুবকের সঙ্গে ঝামেলা হয় তার। সেই যুবকই মঙ্গলবার সকালে দমকল কেন্দ্রের সামনে এসে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন। স্নেহাশিস অফিসে ঢুকতেই তিনি ডেকে বলেন, সে দিনের ঝগড়ার জন্য ক্ষমা চাইতে এসেছেন। এরপর স্নেহাশিস এগিয়ে আসতেই পকেট থেকে বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author