সময় কলকাতা ডেস্ক :প্রতারণার নতুন ফাঁদ। প্রতারকরা পদ্ধতি বদলাচ্ছে। সর্বস্বান্ত করার নতুন ছক। বিদ্যুৎ বিভাগের ভুয়ো একটি মেসেজ মানুষকে এক মুহূর্তে সর্বস্বান্ত করে দিতে পারে। বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়ার ভুয়ো মেসেজ ফোনে পাঠিয়ে ব্যাঙ্কের টাকা আত্মসাত করতে অতি তৎপর জালিয়াত চক্র। মানুষ বিপাকে পড়ছেন। বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়ছে রাতারাতি নিঃস্ব হওয়া মানুষদের।
এতদিন প্রতারকরা মূলত ব্যাঙ্কের নাম করে ফোন করত। জামতাড়া গ্যাঙ বলে আখ্যা পাওয়া চক্র ব্যাঙ্কের গ্রাহককে প্রতারিত করতে বলত, গ্রাহকের অ্যাকাউন্ট বা এটিএম কার্ড বন্ধ হয়ে আছে। তারপরে ওটিপি চাইত। ওটিপি নিয়ে ব্যাঙ্কের টাকা হাতিয়ে নিত।
সময়ের সঙ্গে সঙ্গে পদ্ধতি বদলেছে জালিয়াত চক্র। ফোনে একটি মেসেজ আসবে গ্রাহকের কাছে যা জানাবে অতি শীঘ্রই আপনার বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। বিল আপডেট না করায় বিদ্যুৎ সরবরাহকারী লাইন ছিন্ন হবে। গ্রাহক এই বার্তা পেয়ে স্বাভাবিক ভাবেই চমকে উঠবেন । অধিকাংশ ক্ষেত্রেই যেহেতু বিল পেমেন্ট করা হয়েছে তাতে এরকম মেসেজে মানুষ অবাক এবং বিভ্রান্ত হবেন । মেসেজের শেষে গ্রাহককে বলা হবে বিস্তারিত জানতে মেসেজে প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন। নিচে একটি নম্বর দেওয়া থাকবে। ভীত হয়ে অনেক গ্রাহক ফোন করবেন ও করছেন। প্রতারকরা যথারীতি একটি লিংকে ওটিপি চাইবে। ওটিপি দেওয়া মাত্র গ্রাহক নিঃস্ব হওয়ার চাবিকাঠি তুলে দেবেন প্রতারকদের হাতে।
ইতিমধ্যেই বহু মানুষ প্রতারিত হয়েছেন। হাবড়ার এক ব্যবসায়ীর কন্যা কোয়েলি বণিক জানান, এরকম মেসেজ পেয়ে ওটিপি পাঠিয়ে তাঁর অ্যাকাউন্ট ফাঁকা হয়েছে। বারাসাতের এক বারের মালিকের স্ত্রীর অভিযোগ, এভাবেই তাঁর বারো লাখ টাকা উড়ে গেছে নিমেষে। অভিযোগ জমা পড়ছে পুলিশের কাছে, সাইবার ক্রাইম তদন্ত করছে। টাকা ফেরত পাওয়ার বিষয় একেবারেই অনিশ্চিত মনে করছেন প্রতারিত মানুষজন। বিদ্যুৎ বিভাগের অধিকারিকদের একাধিক পদস্থ কর্তা এবিষয়ে গ্রাহকদের আলাদা করে সতর্ক করার প্রয়োজনীয়তা বোধ করলেও তাঁরা বলছেন ফোনে ওটিপি দেওয়ার নির্বুদ্ধিতা যেন গ্রাহক না করেন।।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা