Home » সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে প্রাইভেট টিউশন

সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে প্রাইভেট টিউশন

 

সময় কলকাতা ডেস্কঃ স্কুলে শিক্ষকতার পাশাপাশিই সমান তালে চলে প্রাইভেট টিউশন। এবার সেই বিষয়েই নিষেধাজ্ঞা জারি করল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের টিউশন বন্ধে এবার স্কুলের প্রধান শিক্ষকদের হাতে ক্ষমতা দিল রাজ্য সরকার। ২৭ জুন স্কুলশিক্ষা দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের কোনও শিক্ষক টিউশন করলে ব্যবস্থা নিতে পারবেন প্রধান শিক্ষক। আইন অনুযায়ী শিক্ষকদের টিউশন করা শাস্তিযোগ্য অপরাধ। প্রাইভেট টিউশন করলে প্রধান শিক্ষকরা নির্দিষ্ট শিক্ষকের বিরুদ্ধে এবার থানায় এফআইআর করতে পারবেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৬১ জন স্কুল শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।

ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ‘রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট, ২০০৯’ সালের ২৮ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুয়ায়ী সরকারি সমস্ত স্কুল, মডেল স্কুলের শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন জেলার স্কুল শিক্ষকরা মোটা টাকার বিনিময়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন, এমনটাই অভিযোগ উঠেছিল। সেদিক থেকে স্কুল শিক্ষা দফতরের এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেননা এর আগেও সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। কিন্তু তারপরেও শিক্ষকদের টিউশন করার অভিযোগ সামনে উঠে এসেছিল। এই অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর।

About Post Author