Home » কার দখলে রাইসিনা হিলস?

কার দখলে রাইসিনা হিলস?

সময় কলকাতা ডেস্কঃ দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা, কে হবেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি? তা ঠিক হয়ে যাবে বৃহস্পতিবার। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে চলছে রাষ্ট্রপতি ভোটের গণনা। গোটা প্রক্রিয়া পরিচালনা করবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদী। জানা গিয়েছে, তিনি এই গণনার মুখ্য রিটার্নিং অফিসার। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের সাংসদ এবং বিধায়করা ভোটগ্রহণে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ চলাকালীন শাসক-বিরোধী একে অপরের ওপর ক্রস ভোটের অভিযোগও তোলে। তবে এসবের মাঝেই শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে, তার দিকেই তাকিয়ে দেশবাসী।

রাজনৈতিক মহলের মতে, এবার রাষ্ট্রপতি ভোট একেবারেই আলাদা। বিশেষ করে, এই প্রথম একজন আদিবাসী মহিলা হিসাবে এই নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে দেশবাসীকে চমক দেয় বিজেপি। কেননা একাধিক নাম প্রস্তাবের পরেই বিজেপির প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন নেতা যশবন্ত সিনহার নামেই শিলমোহর বসেছে।

কড়া নিরাপত্তার মধ্যেই সংসদ ভবনের স্ট্রং রুমে রাখা আছে প্রতিটি রাজ্য বিধানসভার ব্যালট বাক্স। যা খোলা হবে এদিন সকাল সাড়ে ১১টার পর। সরকারি ভাবে জানানো হয়েছে, প্রথমে গণনা হবে লোকসভা ও রাজ্যসভার সাংসদের ভোট। তারপরই রাজ্যের পালা। সাংসদদের ভোট গণনা শেষ হলে প্রাথমিক ভাবে ফল ঘোষণা করবেন মুখ্য রির্টানিং অফিসার। এরপর অক্ষরের ভিত্তিতে শুরু হবে প্রথম ১০টি রাজ্যের বিধানসভার গণনা। সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০টি রাজ্যের গণনার পর ফের একবার ফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে, পুরো ভোট গণনার পর।

উল্লেখ্য,২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। কে হবেন রাইসিনার নতুন অতিথি? সেদিকেই তাকিয়ে দেশবাসী।

About Post Author