Home » ইডি দপ্তরে হাজিরা সনিয়ার

ইডি দপ্তরে হাজিরা সনিয়ার

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ চাপ বাড়ছে কংগ্রেসের। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার ইডি দপ্তরে পৌঁছলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। এদিন দুপুর ১২ টা নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন সনিয়া। কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে বিশেষ টিম। বৃহস্পতিবার মা-র সঙ্গে ইডি দফতরে যান সনিয়া পুত্র রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন কন্যা প্রিয়াঙ্কাও। সূত্রের খবর, টিমের নেতৃত্বে রয়েছেন একজন মহিলা অফিসার। এছাড়াও জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছেন আরও ৪ জন ইডি আধিকারিক।

ইতিমধ্যেই ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধীকে তলব নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার স্বার্থে ইডি সিবিআইকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার। বাংলা থেকে রাজস্থান, ভোটে হেরে গিয়ে সর্বত্র লোক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র। পাশাপাশি কংগ্রেস নেতা পবন খেড়া কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদীকে গান্ধী পরিবারের মতো হতে তাঁকে পুনর্জন্ম নিতে হবে।’ যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। এ বিষয়ে পাল্টা প্রশ্ন তুলে বিজেপি নেতারা বলেন, ‘দোষ না করলে, ইডির সামনে হাজিরা দেওয়া নিয়ে কেন এত প্রশ্ন উঠছে?’

এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া পুত্র রাহুল গান্ধীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জুন মাসে মোট ৫ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৩ থেকে ১৫ জুন পরপর তিনদিনে প্রায় ৩০ ঘণ্টা ওয়াইনাডের সাংসদকে জেরা করেন তদন্তকারীরা। তদন্তের নামে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছিল।

প্রসঙ্গত,এর আগে ২৩ জুনের মধ্যে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে। তবে, সেসময় শারীরিক অসুস্থতার কারণে ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। এরপর ফের তাঁকে তলব করে ইডি। সেই মতোই বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দিলেন সনিয়া গান্ধী।

About Post Author