Home » ভারতের নতুন রাষ্ট্রপতি আসলে কে?

ভারতের নতুন রাষ্ট্রপতি আসলে কে?

সময় কলকাতা ডেস্কঃ তিনি নতুন ইতিহাস তৈরি করলেন। তিনিই যে শুরু করলেন নতুন অধ্যায়। ২০২২ এর রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়ে জিতেছেন তিনি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৫ জুলাই শপথ গ্রহণ করতে চলেছেন দ্রৌপদী মুর্মু ।

নতুন রাষ্ট্রপতি পেল ভারত। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভোট মূল্যের হিসেবে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহাকে প্রায় ৩ লক্ষেরও বেশি অঙ্কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। কিন্তু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির পুরোনো জীবনটা কেমন ছিল? সাধারণ কাউন্সিলর থেকে রাষ্ট্রপতি পদ পর্যন্ত তাঁর যাত্রাটা কতটা বর্ণময়? দেখে নিন একনজরে।

দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাত্র ৬৪ বছর ১ মাস ৮ দিন বয়সে তিনি দেশের প্রথম নাগরিক হিসেবে শপথগ্রহণ করবেন। ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামের এক সাধারণ সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। গ্রামের প্রথম মহিলা হিসেবে কলেজে পড়ার জন্য গ্রামের বাইরে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে পা রেখেছিলেন। ভুবনেশ্বরের রমাদেবী উইমেন্স কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হিসেবে পড়াশোনা শেষ করেছিলেন তিনি।

শুরুর জীবনে দ্রৌপদী মুর্মু ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওড়িশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে সাম্মানিক শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপরই ১৯৯৭ সালে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী। পরবর্তীকালে রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের সহ সভাপতি পদেও আসীন হয়েছিলেন তিনি।

এরপর ২০০০-২০০৯ পর্যন্ত রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্র থেকে দ্রৌপদী মুর্মু বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হন। একইসঙ্গে তিনি বিজেডি-বিজেপি জোট সরকারের আমলে তৎকালীন পরিবহণ,  মৎস্য এবং পশুপালন দফতরের দায়িত্ব সামলেছিলেন। ২০০৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির সিডিউলড ট্রাইব মোর্চার সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন দ্রৌপদী মুর্মু। ২০০৭ সালের ওড়িশার সেরা বিধায়ক হিসেবে নীলকণ্ঠ পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৫ – ২০২১ সাল পর্যন্ত তিনি ঝাড়খন্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মুর্মু।

২০১৭ সালের রাষ্ট্রপতির পদে দ্রৌপদী মুর্মুর কথা ভাবনাচিন্তা করেছিল এনডিএ সরকার। যদিও শেষ পর্যন্ত রামনাথ কোবিন্দের নামই প্রস্তাবনায় পেশ করা হয়। তবে এবার রীতিমত আঁটঘাঁট বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে গোটা বিজেপি নেতৃত্ব দ্রৌপদীকে ‘প্রথম আদিবাসী রাষ্ট্রপতি’ হিসাবেই তুলে ধরতে চেয়েছে। সেই চাওয়ার জয়ের খবর পাওয়া গেল বৃহস্পতিবার।

About Post Author