Home » মা হলেন বাসবদত্তা

মা হলেন বাসবদত্তা

সময় কলকাতা ডেস্কঃ মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে সুখবরটি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর স্বামী অনির্বাণ বিশ্বাস। জানা গিয়েছে, নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। হাসপাতালের কেবিন থেকেই অভিনেত্রীর সঙ্গে এদিন একটি নিজস্বী পোস্ট করেছেন অনির্বাণ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো,ওয়ার্ল্ড! ইন্ট্রোডিউসিং আওয়ার বাঞ্চ অফ লাভ। ইট ইজ আ বেবি গার্ল।‘ সেই সঙ্গে হার্টের ইমোজি এবং মেয়ের ইমোজিও দিয়েছেন অনির্বাণ। আর সেই ছবি শেয়ার করতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বাসবদত্তা এবং অনির্বাণকে। সদ্য জীবনের নতুন ইনিংসে পা দিয়ে আনন্দে আপ্লুত তাঁরা।

চলতি বছরের মে মাসে বাসবদত্তার জন্মদিনের দিন তাঁর মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। সেসময়ই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী কাজের থেকে ছোট্ট বিরতি নেওয়ার কথা জানান। ২০১৮ সালে অনির্বাণ বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। অনির্বাণ পেশায় একজন সাংবাদিক। জানা গিয়েছে এক বন্ধুর মারফত আলাপ হয় তাঁদের। এরপরই তা ভালবাসার দিকে গড়ায়, আর তারপরেই বিয়ে।

বাসবদত্তার বাবাও ছিলেন একজন চলচ্চিত্র সমালোচক। অভিনেত্রী নিজেও সাংবাদিক হতেই চেয়েছিলেন। অভিনয়ে আসার কোনো ইচ্ছেই ছিল না তাঁর। এরপর ঋতুপর্ণ ঘোষের ধারাবাহিক ‘গানের ওপারে’ মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ তাঁর। এরপর ‘বয়েই গেল’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বাসবদত্তা। এছাড়াও একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বাসবদত্তাকে পরমব্রত চট্টোপাধ্যায পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ দেখা গিয়েছে।

About Post Author