Home » ‘অভিযাত্রিক’-এর ঝুলিতে জাতীয় পুরষ্কার 

‘অভিযাত্রিক’-এর ঝুলিতে জাতীয় পুরষ্কার 

সময় কলকাতা ডেস্কঃ ৬৮ তম জাতীয় পুরষ্কারে মঞ্চে এবার সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। দিতিপ্রিয়া রায় ও অর্জুন চক্রবর্তী অভিনীত এই ছবিটি সেরা ছবি ও সেরা সিনেম্যাটোগ্রাফি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।

জাতীয় পুরস্কার পাওয়ার পরই পরিচালক শুভ্রজিৎ মিত্র এখন ‘ক্লাউড নাইন’এ। এ বিষয়ে পরিচালক শুভ্রজিৎ জানান,‘ছবি বানানোর সময় থেকেই জানতাম, এই ছবিটা যদি পুরস্কার না পায়, তাহলে কে পাবে! শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। আমি ভেবেছিলাম, আরও বিভাগে পুরস্কার আসবে। এমনই একটা ছবি আমি বানিয়েছি, যা উপেক্ষা করা যাবে না।’ পাশাপাশি পরিচালক জানান, ‘এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই। সিনেমা শুরু হচ্ছে, বাবা সেটা দেখেছিলেন। তারপরই হঠাৎ বাবা চলে যান। তাই আমার এই পুরস্কার বাবার জন্যই উৎসর্গ করলাম।’

জানা গিয়েছে, অভিযাত্রিক ছবিটি ইতিমধ্যেই ৪২টি আন্তর্জাতিক নমিনেশন, ১৮টি অফিসিয়াল সিলেকশনের নমিনেশন এবং ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। পরিচালক শুভ্রজিৎ জানান, অপুর নস্ট্যালজিয়া পর্দায় তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালকের মতে, ‘এ তো বাঙালির শিকড়ের গল্প’।

About Post Author