Home » ফের মাঙ্কিপক্সের হানা কেরালায়

ফের মাঙ্কিপক্সের হানা কেরালায়

সময় কলকাতা ডেস্কঃ ফের মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল কেরালায়। এই নিয়ে ভারতে মোট তিনজনের দেহে এই সংক্রামক ভাইরাস মিলল। জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি চলতি মাসের শুরুতেই ফিরেছেন সংযুক্ত আরব আমিরশাহি থেকে।

কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ ইতিমধ্যেই জানিয়েছেন, গত ৬ জুলাই, কেরালার মলপ্পুরমের বাসিন্দা বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরেন। তারপর থেকেই স্থানীয় মঞ্জরী মেডিকেল কলেজে তাঁর চিকিৎসা চলছে। আপাতত ওই ব্যক্তি স্থিতিশীল রয়েছেন বলেই দাবি বীণা জর্জের। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ওই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেককেই যেন আইসোলেশনে রাখা হয়।

এর আগে ১৪ জুলাই দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মেলে কেরালার কোল্লাম জেলায়। তারপরই ১৬ জুলাই তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কেরালায় একটি বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠায়। টিমের সদস্যরা মাঙ্কি পক্সে আক্রান্তের বাড়িতেও গিয়েছিলেন। সেখানেই তাঁরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে রোগী পশ্চিম আফ্রিকান মাঙ্কিপক্স ভাইরাস স্ট্রেনে সংক্রামিত হয়েছেন।

যদিও হু আশ্বাস দিয়েছে, মাঙ্কিপক্স কোভিডের আকার নেবে না। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গেলে ২১ দিন তাঁর উপর নজরদারি চালাতে হবে। প্রসঙ্গত, এর আগেও আফ্রিকার ৯টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে।

About Post Author