Home » জেনে নিন কী কী সুযোগ-সুবিধা পান দেশের রাষ্ট্রপতি ?

জেনে নিন কী কী সুযোগ-সুবিধা পান দেশের রাষ্ট্রপতি ?

সময় কলকাতা ডেস্কঃ বিপুল ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। এখন থেকে তাঁর নতুন ঠিকানা দিল্লির রাইসিনা হিলস। জেনে নিন কী কী সুযোগ-সুবিধা পান দেশের রাষ্ট্রপতি ? আসুন দেখে নেওয়া যাক-

৩২০ একর জমির উপর তৈরি দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন। যে কোনও দেশেরই সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে দিল্লির রাষ্ট্রপতি ভবনই বিশ্বের বৃহত্তম। এই ঐতিহাসিক ভবনে মোট চারটি তলা রয়েছে। সব মিলিয়ে সেখানে ৩৪০টি ঘরও রয়েছে। ১৯০ একর জমির উপরে রয়েছে বাগান। রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচ জন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় দু’শো জন কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন। এছাড়াও রাষ্ট্রপতির থাকার জন্য হায়দ্রাবাদে রয়েছে বিলাসবহুল ভবন,যার নাম ‘রাষ্ট্রপতি নিলয়ম’। পাশাপাশি রাষ্ট্রপতির ছুটি কাটানোর জন্য রিট্রিট বিল্ডিং রয়েছে সিমলায়।

রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুবিধা

রাষ্ট্রপতি মাসিক ৫ লাখ টাকা বেতন পান। ২০১৭ সাল পর্যন্ত এর পরিমাণ ছিল দেড় লাখ টাকা। কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকরের পরে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাজ্যপালদেরও বেতন বাড়ায়। বেতনের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতিরা সারা জীবন বিনা খরচে চিকিৎসার সুযোগ পান। দেশের রাষ্ট্রপতির ব্যবহারের জন্য কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ বরাদ্দ থাকে। এমনকী রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী বা স্বামী বিশ্বের যে কোনও দেশে বিনা খরচে ঘুরতে যেতে পারেন।

রাষ্ট্রপতির পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা

কর্মজীবন থেকে অবসরের পরে রাষ্ট্রপতিরা মাসে দেড় লাখ টাকা করে পেনশন পান। পাশাপাশি অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী মাসে ৩০ হাজার টাকা পান। অবসরের পরে থাকার জন্য বিনা খরচে আসবাবপত্র-সহ একটি সরকারি বাংলো পান রাষ্ট্রপতি। দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোনও বিনা খরচে ব্যবহার করতে পারেন তিনি। অবসরের পরেও রাষ্ট্রপতিরা একজন সঙ্গী নিয়ে বিমান বা ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারেন।

About Post Author