Home » ইডি দফতরে হাজিরা সনিয়ার,প্রতিবাদে উত্তাল রাজধানী

ইডি দফতরে হাজিরা সনিয়ার,প্রতিবাদে উত্তাল রাজধানী

সময় কলকাতা ডেস্কঃ  ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার ফের ইডি দফতরে হাজির হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সোমবার রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান থাকায় ইডির কাছে হাজিরা স্থগিত রাখা হয়েছিল। তবে, এদিন ফের দ্বিতীয়বার ইডি দফতরে সনিয়া গান্ধী। আজ, ফের কংগ্রেস নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন শহরের ইডি দফতরের সামনে। বিক্ষোভের আশঙ্কায় ইডি দফতরের বাইরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেদিনই বছর ৭৫-এর কংগ্রেস সভানেত্রীকে দু’ঘণ্টা ধরে প্রথমবার জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্তারা। এরপরই সরব হয় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের সঙ্গে সুর মেলায় অন্যান্য বিরোধী দলও। গতমাসে একই মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এদিন দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে ফের দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। দিল্লিতে কংগ্রেস রাজঘাটে গান্ধিজী সমাধিস্থলে অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশ তাদের পথ রুখে দেয়। সেই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা। আটক করা হয়ে সনিয় পুত্র রাহুল গান্ধিকেও। এদিকে আগের দিনের মতোই প্রথম সারির সমস্ত নেতারাই এআইসিসির দফতরে হাজির হয়েছেন। উল্লেখযোগ্য বিষয়, প্রথমদিন সনিয়া গান্ধি যখন ইডি দফতরে হাজিরা দিতে যান, সেই সময় কংগ্রেস দফতরের প্রতিবাদ সমাবেশে হাজির ছিলেন দুই বিক্ষুব্ধ নেতা গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা। অথচ তাঁদের ইডির জেরার দিন বিক্ষোভ সমাবেশে দেখা যায়নি।

প্রসঙ্গত বন্ধ হয়ে যাওয়া কংগ্রেসের দলীয় মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের মালিকানা বদল সংক্রান্ত লেনদেনে অনিয়ম এবং সনিয়া ও রাহুলের ব্যক্তিগত আর্থিক লাভের মাধ্যমে তহবিল তছরূপের অভিযোগ এনে সুব্রহ্মিনয়ন স্বামী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই ২০১৫ থেকে কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রী জামিনে রয়েছেন। সেই মামলার তদন্তভার ইডির হাতে আসার পর থেকে তাঁদের লাগাতার তলব করেছেন আধিকারিকরা। ইতিমধ্যেই মোট পাঁচবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী। এই নিয়ে দ্বিতীয় বার হাজিরা দিলেন সনিয়া গান্ধী।  কিন্তু এই তলবের জেরে আসল সত্যিটা কবে বেড়িয়ে আসবে, এখন সেটাই দেখার।

About Post Author