সময় কলকাতা ডেস্কঃ বাঙালির আড্ডা ছেড়ে রাজনীতির আঙিনাতে এখন সুপারস্টার মুড়ি। কারণ প্যাকেটবন্দি মুড়ি কিনতে গেলে আমবাঙালিকে খসাতে হবে পাঁচ শতাংশ জিএসটিও। তাই এই মুড়িকে হাতিয়ার করেই ২১ জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের সেই মুড়ি ইস্যুকে হাতিয়ার করেই সংসদ ভবনের সামনে সরব তৃণমূল সাংসদরা।
সংসদ ভবনের গান্ধিমূর্তির পাদদেশে ধর্না অবস্থান করেন তৃণমূল সাংসদরা। দলের তরফে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ ডাঃ শান্তনু সেন, মৌসম নূর, দোলা সেন সহ আরও অনেকেই। অন্যদিকে সংসদের অধিবেশনে হই হট্টগোলের কারণে ১৯ জন সাংসদকে বহিস্কার করা হয়েছে। তাঁদের মধ্যেই চার কংগ্রেস সাংসদকে বুধবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের এক নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ মানিকরাম টেগোর, টিন প্রথাপন, জ্যোতিমণি এবং রাময়া হরিদাস।

এদিনও সংসদে ইডির অতিসক্রিয়তা, বর্ধিত জিএসটি, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মত ইস্যু নিয়ে কড়া সওয়াল করেন বিরোধীরা। সেই নিয়ে হই হট্টগোলের জেরে ফের বেলা ১২ টা পর্যন্ত লোকসভা কক্ষে বাদল অধিবেশন স্থগিত রাখার কথা ঘোষণা করেন স্পিকার।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান