সময় কলকাতা ডেস্কঃ ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন দেশের আদিবাসী জনজাতির অন্যতম জনপ্রতিনিধি দ্রৌপদী মুর্মু। সপ্তাহ শেষ হওয়ার আগেই তাঁকে নিয়ে নয়া বিতর্কের জেরে সরগরম সংসদ। নতুন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলে সম্মোধন করে বসলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। জানা গিয়েছে, দিল্লিতে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ৷
তাঁর এই মন্তব্যকে ঘিরেই উত্তাল হয়ে উঠেছে লোকসভা। এই মর্মে শাসক ও বিরোধী দলের বাদানুবাদ, হই-হট্টগোলের জেরে কার্যত মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। ঘটনায় সরব কেন্দ্রীয়মন্ত্রী এবং বিজেপি নেতা নেত্রীরা। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সরব কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী ও নির্মলা সীতারামন। এমনকী সংসদের অন্দরে এবং বাইরে বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা।

যদিও কংগ্রেস সাংসদের দাবি, তিনি মুখ ফসকে ভুল করে এই মন্তব্য করে ফেলেছেন। ইতিমধ্যেই এই ইস্যুতে সরগরম জাতীয় কংগ্রেস। দলের শীর্ষনেতাদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন সনিয়া গান্ধি। লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও মল্লিকার্জুন খাড়গেকেও সিপিপি অফিসে ডেকে পাঠানো হয়েছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এদিন হইহট্টগোলের মাঝে সনিয়া গান্ধিকে সংসদ থেকে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে উত্তাল হয়ে উঠছে জাতীয় রাজনীতি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?