সময় কলকাতা ডেস্কঃ তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির পা রাখার পর থেকেই যেন কূটনীতির বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে দক্ষিণ চিন উপসাগরীয় এলাকায়। কারণ একদিকে চিনা বিমানবাহিনীর যুদ্ধ মহড়া চলছে, অন্যদিকে এই কারণেই তাইওয়ানের আকাশপথে প্রবেশ করতে পারছে না বিভিন্ন দেশের অসামরিক উড়ান। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে তাইপেইয়ের শোংশান বিমানবন্দর থেকে এক-এক করে বিদেশি বিমান মুখ ফিরিয়ে নিতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে আর্থিক বিপর্যয়ের মুখেও পড়তে হতে পারে তাইওয়ান সরকারকে।
মঙ্গলবার রাতে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপেই পৌঁছে যাওয়ার পরই তাইওয়ানের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট সামরিক অভিযানের’ হুমকি দেয় চিন। বুধবার পেলোসির বিমান তাইওয়ান ত্যাগ করেন। তিনি দক্ষিণ কোরিয়া পাড়ি দেওয়ার ঠিক পরই তাইওয়ানের আকাশে চিনা বিমানবহরের গতিবিধি কয়েকগুণে বেড়ে গিয়েছে। বদলে তাইওয়ানের নাগরিকদের সুরক্ষিত রাখার স্বার্থে ‘তৎপরতা’ দেখা গিয়েছে তাইওয়ানের বায়ুসেনাদের তরফে।

প্রায় যুদ্ধমুখর পরিস্থিতিতে বহু বিমান সংস্থা তাদের তাইওয়ানের দিকে বেশিরভাগ উড়ান বাতিল করেছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে এশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার উড়ানপথের রুট বদলেছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই তাইওয়ানের ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ নিয়ন্ত্রিত আকাশপথ এড়িয়ে চলছে বিমান সংস্থাগুলি।
এদিকে বুধবার বিকেলেই বেজিংয়ের তরফে গোটা তাইওয়ান প্রণালীকেই বিপজ্জনক অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে জারি করা হয়েছে বাণিজ্যিক লেনদেনের উপরও বিধিনিষেধ। আপাতত দুই দেশের মধ্যে খাদ্যপণ্য আমদানি এবং বালি সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা