সময় কলকাতা ডেস্কঃ ৬ আগস্ট, শনিবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন জগদীপ ধনখড়। বিরোধী প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। নয়াদিল্লির সংসদ ভবনে হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেবেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। এদিনই ঘোষণা করা হবে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল। কেননা উপরাষ্ট্রপতি হিসেবে ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট ।
সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে ৬ আগস্ট।
যদিও বিরোধী প্রার্থী ঘোষণার পরই তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্বাচনে অংশ নেবে না। কিন্তু, উপরাষ্ট্রপতি নির্বাচনে কী ভোট দেবেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী? কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্তমানে কোনও সম্পর্ক না থাকলেও শান্তিকুঞ্জের পিতা-পুত্র এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। সূত্রের খবর, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ভোটদানে বিরত থাকার জন্য চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দিল্লি পৌঁছে গিয়েছেন। তবে, তাঁরা ভোট দেবেন নাকি ভোটদানে বিরত থাকবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার টুইট করে সকল সাংসদদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। মার্গারেট আলভাকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে আম আদমি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি, আরজেডি, টিআরএস, ডিএমকে। যা স্বাভাবিকভাবে বিরোধীদের অনেকটাই অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিনই দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা টুইট করে তাঁকে সমর্থন করার আবেদন জানান। এখন শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে, সে দিকেই তাকিয়ে দেশবাসী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর