Home » অগ্নিপথ প্রকল্পের বিক্ষোভকারীদের সনাক্তকরণে পোস্টার

অগ্নিপথ প্রকল্পের বিক্ষোভকারীদের সনাক্তকরণে পোস্টার

সময় কলকাতা ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বেশ কিছুদিন আগেই বিক্ষোভ দেখায় বহু চাকরি প্রার্থী। সেই সময় বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাধিক ট্রেনে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রেনের কামরায়। বহু রাজ্য থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খন্ড যুদ্ধের ছবি প্রকাশ্যে আসে। এবার সেই বিক্ষোভকারীদের সনাক্তকরণ করতেই বিহারের সাসারামের রাস্তায় লাগানো হল পোস্টার।

ইতিমধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতীকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই ভিডিও ফুটেজ দেখে ভাঙচুররত বিক্ষোভকারীদের ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ। এবার সরাসরি সনাক্তকরণের জন্য বিহারের বিভিন্ন জায়গায় জনসাধারণের সামনে বিক্ষোভকারীদের ছবিসহ পোস্টার ফেলা হল। রাস্তার পাশে এই পোস্টার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র বিহারজুড়ে। মূলত বিহারের বিভিন্ন জায়গায় অগ্নিপথ প্রকল্প ঘিরে বিক্ষোভের সময় ট্রেনে আগুন ,প্ল্যাটফর্মে ভাঙচুর, সাধারণ মানুষের দোকান ভাঙচুর, সহ একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুরের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই বিক্ষোভকারীদের ছবি প্রকাশ্যে এনেছে প্রশাসন।

উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ পরিকল্পনার বিরোধিতার মৃত্যুর তাণ্ডবের সাক্ষী গোটা দেশ। জ্বলেছে একাধিক রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে মোট ১২টি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল মোট ৩১৬টি ট্রেন। মূলত, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পঞ্জাবেও অগ্নিপথ বিক্ষোভের আঁচ পড়েছে । রাজ্যের প্রতিটি স্টেশন কার্যত তছনছ করে দেয় বিক্ষোভকারীরা। একাধিক জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এই বিক্ষোভের আঁচ পড়েছিল বাংলাতেও। সেনা বাহিনীতে কাজ করার সুবিধা তুলে দেওয়ার অভিযোগ করেই বিক্ষোভকারীরা জায়গায় জায়গায় মিছিল করে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সেনা বাহিনীতে পেনশন ও কাজ করার সময় সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। যদিও, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন তরুণ প্রজন্ম, জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

About Post Author