Home » চিনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ! হুঁশিয়ারির সুর ভারত সরকারের গলায়

চিনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ! হুঁশিয়ারির সুর ভারত সরকারের গলায়

সময় কলকাতা ডেস্কঃ ফের চিনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্থিরতার ছবি ধরা পড়েছে। সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় চিন অত্যাধুনিক এস-৪০০ মিসাইল সিস্টেম বসিয়েছে। শুরু হয়েছে যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমানের মহড়াও। সেই মহড়া ভারতীয় সীমান্তকে লক্ষ্য করেই চলছে। এমনকী ভারতীয় সেনার রাডারে ধরা পড়েছে যুদ্ধবিমানের অস্তিত্বও। অথচ দুই দেশের মধ্যে সেনা কমান্ডার পর্যায়ের ১৬ তম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উভয় দেশের তরফেই সেনার সংখ্যা কমানো হবে, সেনার অবস্থান পিছিয়ে নিয়ে যাওয়া হবে। সেই চুক্তি অনুযায়ী এও ঠিক হয়েছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ১০ কিমির মধ্যে দু’দেশের কোনও আকাশযান প্রবেশ করতে পারবে না। কিন্তু বাস্তবে চিন সেই নিষেধাজ্ঞা মানার কথা গ্রাহ্যই করছে না, অভিযোগ ভারতের।

ভারতীয় সেনার তরফে আরও জানা গিয়েছে, পূর্ব লাদাখে ভারতীয় আকাশসীমায় বারে বারেই প্রবেশ করছে চিনা যুদ্ধবিমান। সীমান্ত এলাকার আশপাশে দেখা গিয়েছে চিনের ড্রোনও। চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তাই আকাশসীমা লঙ্ঘন করার বিষয়ে চিনা বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

এর আগেও করোনা পরিস্থিতির ডামাডোলের মাঝেই ২০২০ সালে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনা যখন সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল, সেই সময় সীমান্তের পরিবেশ রীতিমত উত্তপ্ত হয়ে গিয়েছিল। ভারতীয় সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফের সেই এলাকাতেই নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে চিন। তৈরি করা হয়েছে সামরিক ঘাঁটি। একদম টাটকা স্যাটেলাইটের ছবিতেও দেখা গেছে, ওই এলাকায় তৈরি করা হয়েছে ছোট ছোট ঘরের মতো কাঠামো। মোতায়েন রয়েছে রাইফেল ডিভিশনও। এই ছবিই স্পষ্ট বলে দিচ্ছে, যে ওই সীমান্ত ছেড়ে যেতে নারাজ চিন।

About Post Author