সময় কলকাতা ডেস্কঃ হেফাজতে মৃত্যু নিয়ে একাধিকবার রাজ্য সহ উত্তাল গোটা দেশ। বিভিন্ন রাজ্যেই বন্দি থাকাকালীন মৃত্যুর ঘটনা নিয়ে কখনো উদ্বিগ্ন হয়েছে প্রশাসন, আবার কখনো মানবাধিকার কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত দুই বছরে হেফাজতে মৃত্যুর তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। তার পরে রয়েছে বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের নাম।
চলতি বছরের ২২ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, ২০২০-২০২১ সালে দেশের ৩৭টি রাজ্যে হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে ১৯৪০ জনের। আর ২০২১-২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সংখ্যা ২৫৪৪। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওই দুই বছরে উত্তরপ্রদেশে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৪৫১ এবং ৫০১। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এ রাজ্যে ২০২০-২১ সালে হেফাজতে মারা গিয়েছে ১৮৫ জন এবং ২০২১-২২ সালে রাজ্যে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে, ২০২০-২০২১ সালের তথ্য অনুযায়ী ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে প্রকাশ ২১৫২ জন বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যু হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত পুলিশ হেফাজতে ১৫৫ জন মারা গেছে। ন্যাশনাল ক্যাম্পেইন অ্যাগেইনস্ট টর্চার অর্থাৎ (এনসিএটি) দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে ১৬০৬ জন মারা গেছে যা বিচার বিভাগীয় হেফাজতে এবং পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ১২৫ টি ।

পুলিসের সঙ্গে এনকাউন্টারে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে। ২০২১-২২ সালে সেখানে ৪৫ জন মারা গিয়েছে এনকাউন্টারে। ২০২০-২১ এবং ২০২১-২২ সালে সারা দেশে পুলিসি এনকাউন্টারে যথাক্রমে মৃত্যু হয় ৮২ এবং ১৫১ জনের। মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে এনকাউন্টারে মৃত্যুর তালিকায় জম্মু ও কাশ্মীরের পরেই ছত্তিশগড়ের স্থান। এক্ষেত্রে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার হেফাজতে এবং এনকাউন্টারে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখিয়েছে। প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি বিরোধীদের। যদিও কেন্দ্রের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে বহু রাজ্যই যথাযথ তথ্য কেন্দ্রের কাছে পাঠায় না এবং মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় করে রাখা হয়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের এই দেওয়া তথ্যের পরই হেফাজতে মৃত্যু নিয়ে সোচ্চার হচ্ছে মানবাধিকার সংগঠনগুলি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর