Home » কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের উপর কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র-রাজ্য সহযোগিতার মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্তী জানান, রাজ্যগুলিকে বঞ্চনা করলে তাতে কেন্দ্রেরই ক্ষতি হবে। অবিলম্বে কেন্দ্রের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ারও দাবি তোলেন তিনি। পাশাপাশি এদিন ১০০ দিনের টাকা আটকে দেওয়া নিয়েও সরব হন তিনি। জানা গিয়েছে,এদিনও সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি মুখ্যমন্ত্রী।

শনিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক ছিল। সেই কক্ষেরই একদিকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,অমিত শাহ, রাজনাথ সিং, নীতীন গড়করি। অন্যদিকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ ছিলেন। তবে বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমার ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এদিনের বৈঠকে যোগ দেননি। এদিনের বৈঠকে লিখিত ভাষণের পাশাপাশি নিজের অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইতিহাস বিকৃতি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমাহীন মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দামবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নানা ইস্যুতে কাঠগড়ায় তুললেও, আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী বছর অর্থাৎ ২০২৩ এ জি-২০ সম্মেলন ভারতেই হবে। যে কোনোরকম সহযোগিতা করতে প্রস্তুত আমরা।‘
রবিবার নীতি আয়োগের বৈঠকের প্রথম দিকেই নিজের বক্তব্য শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিনের এবারের সফর নিয়ে তাঁর সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রশেখর রাও সহ একাধিক বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের কথা হয়েছে ।।

About Post Author