Home » ১৯ হেভিওয়েট নেতার সম্পত্তি বৃদ্ধি : ইডিকে জোড়া হল মামলায়

১৯ হেভিওয়েট নেতার সম্পত্তি বৃদ্ধি : ইডিকে জোড়া হল মামলায়

সময় কলকাতা ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। তারই মাঝে এবার আলোচনায় উঠে এল তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তির উৎস খতিয়ে দেখার মামলা। বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সম্পত্তি কিভাবে এবং কি হারে বৃদ্ধি পেয়েছে,তা খতিয়ে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিপ্লব রায় চৌধুরী নামে এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন । একই ইস্যুতে পৃথক একটি মামলা দায়ের করেছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও।

সোমবার সেই মামলার শুনানের পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়,ইডিকে তারা এ ব্যাপারে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সম্পত্তির উৎস খতিয়ে দেখার মামলায় মোট ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তির বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এই তালিকায় রাজ্যের বর্তমান মন্ত্রীদেরও নাম রয়েছে। তালিকায় রয়েছে কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম,বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, শিউলি সাহা সব্যসাচী দত্ত, গৌতম দেব ,রাজীব বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ,অমিত মিত্র সহ প্রথম সারির একাধিক নেতা নেত্রীর নাম। এমনকী ওই তালিকা থেকে বাদ যায়নি প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পান্ডের নামও। এই সমস্ত নেতা মন্ত্রীদের আয় খতিয়ে দেখতেই ইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আবেদনে বলা হয়েছিল, ২০১১ সালের পর থেকে তৃণমূল নেতা মন্ত্রীদের সম্পত্তি কয়েক গুণ বেড়ে গিয়েছে। ২০১৭ সালে দায়ের হওয়া ওই মামলায় আগে থেকেই যুক্ত ছিল আয়কর দফতর।।

About Post Author