Home » বাংলার পরবর্তী রাজ্যপাল কি রাকেশ আস্থানা?

বাংলার পরবর্তী রাজ্যপাল কি রাকেশ আস্থানা?

সময় কলকাতা ডেস্ক: বাংলার পরবর্তী রাজ্যপাল কি রাকেশ আস্থানা? রাজধানীর অন্দরে চলতে থাকা এই ফিসফাস এখন কার্যত জল্পনায় পরিণত হয়েছে। আগে একটু জানা দরকার, কে এই রাকেশ আস্থানা? সিবিআই এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর এবং প্রাক্তন দিল্লি পুলিশ কমিশনার পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলেছেন রাকেশ আস্থানা। তিনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ পছন্দের তালিকায় রয়েছে। ১৯৮৪ সালের গুজরাট ক্যাডারের আইপিএস সিবিআই থেকে অবসর গ্রহণ করেছেন সদ্য‌ই। ২০২১ র জুলাই মাসে মাত্র এক বছরের জন্য রাজধানীর পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেন। ২০২২ এর ২৮ জুলাই সেই পদের মেয়াদ শেষ হয়েছে। এখন সেই আইপিএস অফিসারকেই রাজ্যপালের পদে বসানোর কথা ভাবা হচ্ছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কোনও প্রবীণ রাজনীতিকের বদলে অবসরপ্রাপ্ত আইপিএস-কে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের পদে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, স্পেশাল ডিরেক্টর হিসেবে কাজ করার সময় পশ্চিমবঙ্গে সারদা, রোজভ্যালির মতো ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারির তদন্তেও রাকেশ আস্থানার বিশেষ ভূমিকা ছিল। যদিও এই নাম‌ এখনও চূড়ান্ত হয়নি। তবে কোনও প্রাক্তন আইএএস বা আইপিএস-কেই রাজভবনে বসানোর কথা ভাবা হচ্ছে। সম্প্রতি সেই ভাবনায় এসেছিল অবসরপ্রাপ্ত আইপিএস কিরণ বেদীর নাম‌ও।

সুদূর অতীতেও অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল। বাম জমানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্তা টি ভি রাজেশ্বর রাজ্যপাল পদে আসীন হয়েছিলেন। এমনকী কে আর নারায়ণন‌ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন, যিনি একজন আইপিএস অফিসার ছিলেন। তিনি ইউপিএ-সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাজ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে।

About Post Author