সময় কলকাতা ডেস্কঃ নিজাম প্যালেসে বুধবার পা রাখছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, অনুপস্থিতির কারণ হিসাবে বার বার তিনি নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। এই মর্মে পাঠিয়েছেন দুটি প্রেসক্রিপশনও। একইসঙ্গে চাঞ্চল্যকরভাবে এই অসুস্থতা প্রসঙ্গে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী তাঁকে পরীক্ষা করেছিলেন। চিকিৎসকের বিস্ফোরক দাবি, তিনি প্রেসক্রিপশন নয়, স্রেফ সাদা কাগজে অনুব্রতকে বিশ্রামের পরামর্শ লিখে দিয়েছিলেন। আর সেটা নাকি করা হয়েছিল ‘রোগী’ অনুব্রতর নির্দেশেই!
লাগাতার সমন করা হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন কেষ্ট। মঙ্গলবার তিনি এসএসকেএমে গিয়ে ডাক্তার দেখালেন, প্রেসক্রিপশন নিলেন আর ফিরে গেলেন বীরভূমে। কিন্তু গরু পাচার মামলায় এখনও জেরা সম্পূর্ণ হয়নি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বুধবার নিজাম প্যালেসে যথাসময়ে হাজিরা না দিলে অনুব্রতর বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার ইমেইল মারফত অনুব্রত মণ্ডলকে বুধবার বেলা ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার প্রতিলিপি তৃণমূল নেতার বোলপুরের বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সিবিআইয়ের ‘হুঁশিয়ারি’ পাওয়ার পরও শেষ পর্যন্ত হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত, শেষ দেড় বছরে অনুব্রত মণ্ডলকে মোট ১০ বার তলব করা হয়েছে। তাঁর মধ্যে তিনি মাত্র একবারই ঘণ্টা কয়েকের জন্য তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি বসেছেন। এমনকী তিনি জিজ্ঞাসাবাদ এড়াতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। তবে কেষ্টর আবেদনে সাড়া দেয়নি আদালত। অভিযোগ উঠেছিল, প্রশ্নের মুখোমুখি যাতে না হতে হয়, তাই তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। কিন্তু এবারে ওই হাসপাতাল ওষুধ লিখে ফেরৎ পাঠিয়েছে অনুব্রত মণ্ডলকে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর