Home » টাকা দিয়েও পদ না মেলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

টাকা দিয়েও পদ না মেলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ ফের প্রকাশ্যে দলীয় পদের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সোমবার রাতে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ির সামনে টাকা নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় বিধায়কের গাড়িও! ওই সময় বাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার পর সোমবার রাতেই ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে,ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে কাউকে অঞ্চল সভাপতি, কাউকে ব্লক সভাপতি করে দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ,বিধায়ককে টাকা দিয়েও মেলেনি পদ । পাশাপাশি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি করার জন্য ভগবানগোলার এক ব্যক্তির থেকে ইদ্রিস আলি ১২ লক্ষ টাকা নিয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, অঞ্চল সভাপতি করার নাম করেও পাঁচ লক্ষ করে টাকা নিয়েছেন অভিযুক্ত বিধায়ক। এখানেই শেষ নয়,এত কিছুর পরেও অভিযুক্ত বিধায়ক অন্য এক ব্যাক্তিকে ব্লক সভাপতি করার পরিকল্পনা করছিলেন। আর তা প্রকাশ্যে আসতেই ইদ্রিস আলির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। যদিও টাকা তোলার অভিযোগ অস্বীকার করেছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তিনি জানান, ‘টাকা তোলার কোনও বিষয় নেই। এটি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।‘ এই ঘটনায় পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।
অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

About Post Author