সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। গত একমাস ধরে লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। গত কয়েকমাসে পরপর ৩ বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। ১ মে এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়ে রান্নার গ্যাসের নতুন দাম হয়েছিল ১০২৬ টাকা। এরপর ফের ৩ টাকা বেড়ে গিয়ে রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১০২৯ টাকা। তারই কিছুদিন পর এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গিয়ে রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১০৭৯ টাকা। পাশাপাশি দাম বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসেরও। যার জেরে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।
বুধবার হাওড়ার কদমতলায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির উদ্যোগে অভিনব কায়দায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেল। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা পথ চলতি সাধারণ মানুষকে এদিন রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে ঘুঁটে উপহার দিয়ে প্রতিবাদ কর্মসূচী শুরু করেন।

এ প্রসঙ্গে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরে বিধায়ক মনোজ তিওয়ারি জানান,‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এভাবে প্রতিবাদ জানানো হল। পাশাপাশি তিনি আরও বলেন যে,বাঙালী খেতে ভালবাসেন। কিন্তু যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে প্রত্যেক বাড়িরই মা বোনেরা খুব অসুবিধায় পরেছেন। তাই সবাইকে রান্না করার জন্য এই ঘুঁটে দেওয়া হল। আগামী দিনের এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ জারি থাকবে বলেই জানান তিনি।
প্রসঙ্গত,ক্রমশ দেশের সব জায়গায় বেড়েই চলেছে রান্নার গ্যাসের মূল্য। একাধিকবার দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। ২০১৪ সালের শেষের দিকে কলকাতায় একবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের। তবে বর্তমানে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী