Home » বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে পড়ল কাঠি

বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে পড়ল কাঠি

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই পুণ্যতিথির স্মরণে প্রতি বছর এই দিনটিতে জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। বৃন্দাবন, মথুরা-সহ উত্তর ভারতে ব্যাপক উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মধ্যরাতে বিশেষ পুজো হয়। সেইমতো কলকাতাতেও জন্মাষ্টমী পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই বিশেষ দিনটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত মথুরার পুণ্যভূমিতে ভিড় করেন। অনেক জায়গাতেই এই তিথিতেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয় খুঁটিপুজো এবং কাঠামো পুজোর মধ্য দিয়ে।

 

একইভাবে জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে পড়ল কাঠি। প্রথা অনুযায়ী, প্রতি বছরই জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়। গত দু’বছর অতিমারির কারণে মহা পুজোর সমারোহে খামতি থাকলেও এ বছর বেশ জাঁকজমকভাবেই চলছে এই অনুষ্ঠান।


এদিন ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল ধুপ বৈদিক মন্ত্রাচরণের সঙ্গে, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পূজা করা হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয়। সেই কাঠামোতেও ফের দুর্গার মূর্তি তৈরি করা হয়। ফলে বেলুড় মঠে শুক্রবার থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে তিথি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধেয় বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয়েছে।

শুধু বেলুড় মঠই নয়, উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে জন্মাষ্টমীতে খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হয় ৷ জন্মাষ্টমী তিথি থেকেই বাঙালিদের দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়।

About Post Author