সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তালিকায় নাম রয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সচিব অশোক সাহা। এই পরিস্থিতিতে রাজ্যে ফের প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভে সামিল চাকরিপ্রার্থীরা। দক্ষিণ দিনাজপুরের মঙ্গলপুর এলাকার যোগমায়া পাড়ার ঘটনা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে,২০১৪ সালে প্রাথমিক শিক্ষকপদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের থেকে ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা করে নেন অভিযুক্ত বালুরঘাটের যোগমায়া এলাকার বাসিন্দা বিপ্লব মণ্ডল। প্রায় ১২ লক্ষ টাকা নেন তিনি। সেই কারণেই বাধ্য হয়ে শনিবার অভিযুক্ত বিপ্লব মণ্ডলের বাড়িতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। তারপর থেকেই পলাতক অভিযুক্ত। শনিবার একই কারণে ফের বিপ্লব মন্ডলের স্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতারিতরা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবার। ইতিমধ্যেই দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। টাকা ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন অভিযোগকারীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী