বারাসাত : সময় কলকাতা ডেস্কঃ গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের একাধিক বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার ফের বোলপুরে তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা। এদিন বোলপুরের জমি রেজিস্ট্রির অফিসে হানা দিল সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের একাধিক বেনামি সম্পত্তির যে হদিশ পাওয়া গিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানতেই এদিন সকালে সিবিআই আধিকারিকরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসে হানা দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে অনুব্রতর কিছু আত্মীয়ও রয়েছেন। তাঁদের সম্পত্তির উৎসও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

সুত্র মারফত জানা গিয়েছে,এদিন সকালে সিবিআই-এর দুই সদস্যের এক প্রতিনিধি দল বোলপুরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিস হানা দেন। অনুব্রত মণ্ডল সহ তাঁর ঘনিষ্ঠদের বাড়ি এবং জমির যে নথি সিবিআই আধিকারিকদের হাতে এসেছে, সেগুলি কবে কেনা হয়েছে বা সেই জমি এবং বাড়ির মালিক কে? মূলত তা খতিয়ে দেখতে এদিন তদন্তে নামে সিবিআই আধিকারিকরা। এরপরই বোলপুরের বল্লভপুরের কাছে সুকন্যা মন্ডলের নামে প্রায় দুই বিঘার একটি জমির হদিস পান তাঁরা। পাশাপাশি এদিন তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামেও ৮৭ হাজার টাকা মূল্যের একটি জমি কেনা হয়েছিল।

অন্যদিকে,সোমবার বিকেলে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। কথা বলেন সায়গলের স্ত্রীর সঙ্গেও। এদিন তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারে, বিভিন্ন নথিতে সাইকেল কথাটি লিখে তার পাশে আর্থিক লেনদেনের হিসেব লেখা হয়। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলই সাইকেল বলে পরিচিত ছিল। অনুব্রতকে আড়াল করতেই কি সায়গলের এই ছদ্মনাম! তা নিয়েই ধন্দে সিবিআই আধিকারিকরা।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী