Home » টম্যাটো ফ্লু নিয়ে ভারতকে সতর্ক করল ল্যানসেট

টম্যাটো ফ্লু নিয়ে ভারতকে সতর্ক করল ল্যানসেট

সময় কলকাতা ডেস্কঃ টম্যাটো ফ্লু নিয়ে এবার ভারতকে সতর্ক করল ল্যানসেট রেসপিরেটরি জার্নাল। এই ফ্লু সংক্রামক রোগ এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এর কোনও প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বলেও জানিয়েছে ল্যানসেট।

গত কয়েকদিনে ভারতে ৯০ জনের বেশি শিশু এই নতুন রোগে আক্রান্ত হয়েছে বলেই সূত্রের খবর। শিশুদের নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ল্যানসেট। নতুন এই রোগে শিশুদের হাত, পা, মুখে ব্যথা আর টম্যাটোর মতো লাল ফোসকার সমস্যা দেখা দিচ্ছে। কেরালা এবং ওডিশায় টম্যাটো ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
ল্যানসেটের রিপোর্ট অনুসারে, টম্যাটো ফ্লুতে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কেরালার শিশুরা। কেরালার আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর- এ আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্নাটকেও ইতিমধ্যেই এই ফ্লু নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে ওডিশায় এখনও পর্যন্ত মোট ২৯ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

জানা গিয়েছে, শিশুদের অন্ত্রে সংক্রামিত হয় টম্যাটো ফ্লু। হাত, পায়ের পাতা মুখ থেকে এই ভাইরাস ছড়ায়। চিকিৎসকদের মতে,ডেঙ্গি ও চিকেনগুনিয়া হওয়ার পরবর্তী প্রভাব এই টম্যাটো ফিভার। ফিভার হলে ডায়েরিয়া, বমি, গায়ে ব্যথা ও ত্বকে জ্বালা করে। হাত ও পায়েও জ্বালা করে। গাঁটে ব্যথা ও গায়ে ব়্যাশ বেরোয়। অন্যান্য ভাইরাল জ্বরের মতো টম্যাটো ফ্লুও বাতাস থেকে সংক্রামিত হয়।

এখনও পর্যন্ত এই রোগ নিরাময়ের জন্য চিকিৎসকদের কোনও চিকিৎসা পদ্ধতি জানা নেই। তাই চিকিৎসকেরা উপসর্গের ওপর ভিত্তি করেই এই রোগের চিকিৎসা চালাচ্ছে। পাশাপাশি এই টম্যাটো ফ্লু যাতে সংক্রামক না হয়, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে অনবরত সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানো হচ্ছে।

About Post Author