সময় কলকাতা ডেস্কঃ হাড়হিমকরা ঘটনায় রহস্য গল্প হার মেনে যায়।স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল পরিচারিকার রক্তাক্ত দেহ। একইসঙ্গে রহস্যজনক ভাবে স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকেও ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার দরজী পাড়া এলাকায়। ওই পরিচারিকার কী ভাবে মৃত্যু হল এবং স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী কী ভাবে আহত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়ার সদর থানার পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃতা ওই পরিচারিকার নাম পার্বতী বাদ্যকর ও আহত স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী নাম নন্দিতা দাস কর্মকার। পুরুলিয়া শহরের পোকাবাঁধ পাড়ার বাসিন্দা পার্বতী। অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে তিনি দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে কাজে যান। তারপর আচমকাই এদিন বিকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এমনকী ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকেও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় পুরুলিয়া সদর থানায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পার্বতী বাদ্যকরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর নন্দিতা দেবীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই দু-জন মিস্ত্রি কাজ করছিল। যদিও ঘটনার পর থেকে তাদের দেখা মেলেনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়ার সদর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত,তাও খতিয়ে দেখছে পুলিশ। বাইরের কেউ বিশেষ কোনও উদ্দেশ্য নিয়েই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী