সময় কলকাতা ডেস্কঃ টোটোর দৌরাত্ম্যের জেরে অতিষ্ঠ বাস মালিকেরা। টোটোর জন্য পর্যাপ্ত যাত্রী না পাওয়ার প্রতিবাদে শুক্রবার থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস চলাচল বন্ধ করেছিল বাস মালিকেরা। এবার বালুরঘাট বাসস্ট্যান্ড-এর বিভিন্ন দূরপাল্লার বাস চলাচলও পুরোপুরি বন্ধ করে দিল মালিকরা। রবিবার বিকেলের পর থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি ট্রেকার,ট্যাক্সি সহ মিনিবাসগুলিও চলাচলও বন্ধ করা হয়েছে। যার জেরে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। বাস রুটে টোটো চালানো বন্ধের ব্যাপারে প্রশাসন যতদিন না কোনও পদক্ষেপ নিচ্ছেন,ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস, ট্রেকার সহ সমস্ত বৈধ গাড়ির ধর্মঘট চলবে বলেই জানিয়েছেন বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী বাস মালিক থেকে শুরু করে সংগঠনের সদস্যরা।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তিনি বলেন, ‘আমরা বাস মালিকদের ধর্মঘট তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। তাঁরা কী করবেন,তা নিজেদের মধ্যে আলোচনা করে জানাবেন। সোমবারের মধ্যে সমস্যা না মিটলে বৈঠক ডাকা হবে। এমনকীল বেআইনি টোটোর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে বালুরঘাট বাস মোটরস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত বাস ও ট্যাক্সি সহ বৈধ যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে যতদিন না কোনও বৈঠকও ডাকা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবিতে অনড় থাকব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব।’
প্রসঙ্গত, বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায় টোটোর দৌরাত্ম্য বেড়েছে। টোটোর দৌরাত্মে সাঁড়াশির চাপে বাস শিল্প। যার কারণে দিনে দিনে কমছে বাস, ট্যাক্সি, ট্রেকার সহ মিনিবাসগুলির যাত্রী সংখ্যা। এরই প্রতিবাদে শুক্রবার থেকেই ধর্মঘটে সামিল হয়েছিল বালুরঘাট বাসস্ট্যান্ডের বাস মালিকেরা। শুক্রবার থেকে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী বিভিন্ন পকেট রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বাস মালিকেরা। পাশাপাশি যত দ্রুত সম্ভব,প্রশাসনকে এই সমস্যা মেটানোর আবেদন জানান তারা। কিন্তু ধর্মঘটের দুদিন পেরিয়ে গেলও এই সমস্যার কোনরকম সুরাহা মেলেনি বলেই অভিযোগ মালিকদের। কার্যত সেকারণেই এবার বৃহত্তর আন্দোলনে সামিল হল বাস মালিক সহ বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী অন্যান্য গাড়ির মালিক ও চালকেরা।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন