Home » মুম্বইয়ে রেস্তরাঁ খুলতে চলেছেন বিরাট কোহলি

মুম্বইয়ে রেস্তরাঁ খুলতে চলেছেন বিরাট কোহলি

সময় কলকাতা ডেস্কঃ দিল্লির পর এবার মুম্বইয়ে রেস্তরাঁ খুলতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’-র একটি অংশ লিজে নিয়েছেন তিনি। পাঁচ বছরের জন্য ওই অংশ লিজ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে পুরো বাংলোটি নয়, সেটির একতলার একটি অংশ রেস্তরাঁ খোলার জন্য নিয়েছেন বিরাট।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দ্রুত ওই রেস্তরাঁ জনসাধারণের জন্য খুলে যেতে পারে। এর আগে ২০১৭ সালে নয়াদিল্লির আরকে-পুরম এলাকাতেও একটি রেস্তরাঁ খোলেন বিরাট। এটি তাঁর দ্বিতীয় রেস্তরাঁ। কিশোর কুমারের স্মৃতিবিজড়িত ‘গৌরী কুঞ্জ’ মুম্বইয়ের খুব জনপ্রিয় দর্শনীয় স্থান। ওই বাড়িতেই থাকেন কিশোরের বড় ছেলে অমিত কুমার। শোনা গিয়েছে, এখানকার গাছগুলির আলাদা আলাদা নাম রাখতেন তিনি। তাছাড়া ভিন্টেজ গাড়ির অসামান্য কালেকশনও ছিল কিশোরের। সেগুলি আজও পার্ক করা রয়েছে সেখানে।

ক্রিকেটারদের মধ্যে রেস্তরাঁ খোলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও জাহির খান, কপিল দেব, রবীন্দ্র জাদেজার মতো ভারতীয় ক্রিকেটাররাও রেস্তরাঁ খুলেছিলেন। তবে কোহলি কেবল রেস্তরাঁর ব্যবসা করতে এলেন তা নয়। পোশাক, সুগন্ধী, জুতো নানা ব্যবসাতেই বিনিয়োগ করতে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন বিরাট। দেখতে দেখতে প্রায় তিন বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই তাঁর। এই অবস্থায় বুধবার হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছেন তিনি। যা দেখে অনেকেরই মনে হয়েছে, এই ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

About Post Author