সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরুর আগে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এদিন, রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা একে অপরকে সহযোগিতা করছি।’
বৈঠকের পর ভারত-বাংলাদেশে ৭ রেল চলাচল নিয়ে চুক্তি, অসমের কুশিয়ারা নদীর জল বন্টন নিয়ে চুক্তি, বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি নিয়ে দুই দেশের চুক্তি সাক্ষরিত হয়। বাংলাদেশ টিভির সঙ্গে ভারতের প্রসার ভারতীর চুক্তিও সাক্ষরিত হয়। ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা বাণিজ্য চুক্তিও সাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও কথা হয় মোদি-হাসিনার।

উল্লেখ্য, সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের দ্বিতীয়দিন। হাসিনার এই সফর ঘিরে ঢাকার মতো বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে দিল্লিতেও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার এ সফরকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট