Home » রেস্তোরাঁর স্টাইলে হেঁশেলে মুরগির ঘি রোস্ট

রেস্তোরাঁর স্টাইলে হেঁশেলে মুরগির ঘি রোস্ট

সময় কলকাতা ডেস্কঃ আর কয়েক দিন পরেই দুর্গাপুজো। বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকবে। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালোলাগে বলুন তো? মুরগির কষা কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যটির রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুরগির ঘি রোস্ট। রইল রেসিপির হদিস।

উপকরণ-

 

মুরগির মাংস-১ কেজি

টক দই-আধ কাপ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লেবুর রস- ১ টেবিল চামচ

নুন-স্বাদ মতো

গুড়-২ টেবল চামচ

কারি পাতা-১ আঁটি

ঘি-৬ টেবল চামচ

শুকনো লঙ্কা-৩ টে

গোটা গোলমরিচ-৭-৮টি

লবঙ্গ-৩টি

মৌরি-১ চা চামচ

গোটা ধনে- দেড় টেবিল চামচ

গোটা জিরে-আধ চা চামচ

রসুন-৭ থেকে ৮ কোয়া

তেঁতুল বাটা-দেড় টেবিল চামচ

রন্ধন প্রণালী

 

প্রথমেই একটি পাত্রে মুরগির মাংস নিয়ে একে একে জল ঝরানো দই, হলুদ গুঁড়ো, লেবুর রস ও আধ চা চামচ নুন দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, লবঙ্গ ও গোটা গোলমরিচ একদম কম আঁচে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন। সব ভাজা মশলা মিক্সিতে গুঁড়ো করে নিন। একটি প্যানে আড়াই টেবিল চামচ ঘি গরম করে ম্যারিনেড করা মাংস দিয়ে ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোড়ন দিন। এবার তেঁতুলের বাটার মধ্যে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাংস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। নুন আর গুড় মিশিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে,ততক্ষণ ঢেকে রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের উপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে জমিয়ে খান মুরগির ঘি রোস্ট।

About Post Author